top of page

রবির নতুন বৌঠান...

  • Writer: ankurantareep1974
    ankurantareep1974
  • Apr 2, 2019
  • 2 min read

রবির বিয়ের চারমাস বাদে কাদম্বরী দেবীর জীবনের শেষ দিনের কিছু টুকরো...


১৮৮৪ সালের ১৯ এপ্রিল, পালঙ্কে আধশোয়া অবস্থায় খুললেন ‘সন্ধ্যা সঙ্গীত’... তাঁর মন ফিরে যায় অতীতের স্মৃতিতে...

“সংসারে যে দিকে ফিরে চাই

এমন কি কেহ তোর নাই

তোর দিন শেষ হলে, স্মৃতিখানি নিয়ে কোলে...”

মনে পড়ে, তিনি বলেছিলেন যে এই মৃত্যুর কথা তাঁর পছন্দ হয় নি... অপ্রস্তুত রবি লিখেছিলেন আর একটা কবিতা...

“এসো সখি, এসো মোর কাছে

কথা এক সুধাবার আছে...”

কাদম্বরী না বোঝার ভান করে বলেছিলেন... কোন সখি? কি তার নাম?... বিরস বদনে রবি শুনিয়েছিলেন...

“চেয়ে তব মুখপানে বসে এই ঠাঁই

প্রতিদিন যত গান তোমারে শুনাই

বুঝিতে কি পার সখি, কেন যে তা গাই?...”

কাদম্বরী আপত্তি করেছিলেন এমন প্রেমের কবিতা লিখতে... সবাই বুঝবে... বারবার সেদিন পড়া কবিতাগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন রবির নতুন বউঠান... ঘুম ভাঙ্গল কোকিলের ডাকে... স্নান সেরে যত্ন করে শাড়ি পড়লেন... সাজ শেষ করে খোঁপায় জুই ফুলের মালা লাগালেন... আজ জ্যোতিরিন্দ্রনাথের সাধের ‘সরোজিনী’ পাড়ি দেবে নদীবক্ষে... কাদম্বরীর মনে পড়লে... বেশ কিছুদিন আগে তার সাজ দেখে রবি বলেছিল...

“অশোক বাসনা যেন আপনি সে ঢাকা আছে

আপনার রূপ মাঝার,

রেখা রেখা হাসিগুলো আশেপাশে চমকিয়ে

রূপেতেই লুকায় আবার...”

ক্রমে পুরো বাড়ি অন্ধকার ও স্তব্ধ হয়ে এলো... রাত এগারোটা... কাদম্বরী দেবী দুই হাত মুখে চেপে ঝাঁপিয়ে পড়লেন বিছানায়... কেন এই অভিসারিকার সাজ? কিসের তরে?... তিনি একটা গান গেয়ে উঠলেন...

“বুঝি বেলা বয়ে যায়

কাননে আয় তোর আয়...

সাধ ছিল যে পড়িয়ে দেব মনের মতন মালা গেঁথে

কই সে হল মালা গাঁথা, কই সে এল হায়...”

যে কাদম্বরী শত অনুরোধেও গান শোনান না , তিনি আজ নিজের মনে মনে গাইলেন...

“দেখে যা, দেখে যা, দেখে যা লো তোর সাধের কাননে মোর

আমার সাধার কুসুম উঠিছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটায় রে...”

কাদম্বরী পাশের ঘরে ছুটে গিয়ে দেয়াল-আলমারি থেকে বের করলে বড়ি... এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়... একটু ঘুম, বেশী ঘুম, গহন ঘুম, মরণ ঘুম... মনে পড়ে রবির লেখা অসমাপ্ত একটা কবিতা...

“হেথা হতে যাও, পুরাতন!

হেথায় অনুত খেলা আরম্ভ হয়েছে...”

আর্ত স্বরে চিৎকার করে ওঠেন... ‘রবি, রবি, আমি চলে যাচ্ছি... তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল... তোমার রচনার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি... রবি, আমি চলে যাচ্ছি... নতুন বউঠান পুরনো হয়ে গেছে, সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে...।’

 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2019 by Alochonar Abosor. Proudly created with Wix.com

bottom of page